স্টাফ রিপোর্টার
দৈনিক আশুলিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন বাস চলাচলে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
রবিবার বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলাচল অব্যাহত থাকবে। তবে ওই দিনের জন্য টিকিটের চাহিদা তুলনামূলক কম। অন্যদিকে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে।
ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, বাস চলাচলের ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ পরিবহন কর্মী ভোটের জন্য ছুটি নেওয়ায় অনেক পরিবহন সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোটগ্রহণ শেষে রাতে কিছু সার্ভিস পুনরায় চালু হতে পারে বলেও জানান তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

