দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপিদের নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা যায়, সংসদীয় কার্যক্রম সম্পর্কে নবনির্বাচিত সংসদ সদস্যদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।
প্রশিক্ষণে সংসদীয় কার্যপ্রণালি, বিল ও বাজেট প্রণয়ন, সংসদের স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
এছাড়া দুদিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সংসদীয় রেওয়াজ, মন্ত্রিসভার সদস্যদের ভূমিকা এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা অর্জনের কৌশল সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বিএনপি নেতারা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রম সম্পর্কে আরও দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবেন এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

