দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে খোলা শোকবইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে তিনি শোকবইতে স্বাক্ষর করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতা ও মনীষীদের অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না।
মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে এক পবিত্র আমানত। তাই মানবতার স্বার্থে সব ধরনের সহিংসতা ও সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।
তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।

