নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আড়াইটার দিকে স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠানের গেস্ট হাউসে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত খোঁজ নিতে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এদিকে এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রবাসে অবস্থানরত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজও চলছে।
—নিজস্ব প্রতিবেদক

