নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে থাকা বাংলাদেশি যাত্রী ও দূতাবাসের কয়েকজন কর্মীও ছিলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় এসব যাত্রী দীর্ঘ সময় ধরে কাতারে আটকে পড়েছিলেন। পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষ ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।
এর আগে গত ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় বাংলাদেশ দূতাবাস জানায়, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে ফিরতে আগ্রহী যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুতের জন্য দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘গুগল ফর্ম’–এর লিংক প্রকাশ করা হয়। আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত ওই ফর্মে নিজেদের তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।
—নিজস্ব প্রতিবেদক

