আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শহরের বানি ইয়াস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবুধাবি মিডিয়া অফিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাঝআকাশে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার পর এর উত্তপ্ত ধাতব অংশগুলো নিচে জনবহুল এলাকায় পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে এ ধরনের ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করলে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতেও।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তবে আকাশে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়ার ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই ধরনের ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক নিহত ও আহত হয়েছেন।
নিরাপত্তা জোরদার করতে আবুধাবি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম চলাকালে সৃষ্ট বিকট শব্দে আতঙ্কিত না হওয়া এবং কোনো অজানা ধ্বংসাবশেষের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্যও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
—আন্তর্জাতিক ডেস্ক

