দৈনিক আশুলিয়া
প্রকাশ: ১২:৪১, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রের নারী কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। দুপুর সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রটিতে প্রায় ২২ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কেন্দ্র ঘুরে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বী নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এই কেন্দ্রের অধিকাংশ ভোটার কড়াইল বস্তি এলাকার বাসিন্দা। ভোটাররা জানান, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, “ভোট দিতে এসে কোনো ধরনের ভোগান্তি হয়নি। নিরাপত্তা ব্যবস্থাও ভালো রয়েছে।”
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের সুবিধার্থে প্রবেশপথে ভোটার নম্বর যাচাই ও প্রয়োজনীয় দিকনির্দেশনার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়।
ভোটাররা আশা প্রকাশ করেন, দিনব্যাপী ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলবে এবং ভোটের হার আরও বাড়বে।
দৈনিক আশুলিয়া ডেস্ক

