ঢাকাThursday , 12 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ভোট দিলেন আবদুল কাদের

দৈনিক আশুলিয়া
February 12, 2026 12:49 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশ: ১২:৪৯, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ আসনের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মানবিক এক দৃশ্যের অবতারণা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অদম্য মানসিক শক্তি নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন এক তরুণ ভোটার।

কেন্দ্রের দ্বিতীয় তলায় হামাগুড়ি দিয়ে প্রবেশ করে ভোট দেন আবদুল কাদের নামের ওই তরুণ। ভোট দেওয়া শেষে তিনি তার চাচাতো ভাই আবু সাইদের কোলে উঠে নিচে নামেন এবং পরে হুইলচেয়ারে বসেন। সেখান থেকে অটোরিকশায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

জানা গেছে, আবদুল কাদের কুমিল্লার মোহনপুর গ্রামের বাসিন্দা। কেন্দ্র থেকে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তিনি ভোট দিতে এসেছেন। তিনি কৃষক নুরুল ইসলামের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সন্তান।

ভোট দিয়ে আবদুল কাদের বলেন, “অনেকদিন পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই দেশ শান্তিপূর্ণ হোক এবং মানুষের কষ্ট দূর হোক।”

তিনি জানান, জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। পরিবারের আয় মূলত তার বাবা ও ছোট ভাইদের ওপর নির্ভরশীল। তিনি কোনো কাজের প্রশিক্ষণ বা ব্যবসার পুঁজি পেলে পরিবারের দায়িত্ব নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

আব্দুল কাদেরের বাবা নুরুল ইসলাম বলেন, ছেলের ইচ্ছা ছিল ভোট দেওয়ার। তাই পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে হুইলচেয়ারে করে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, তার ছেলে কোনো আয়ের সঙ্গে যুক্ত নয়। যথাযথ সহযোগিতা পেলে সে পরিবারের দায়িত্ব নিতে পারবে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জামাল হোসেন বলেন, কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নারী ও প্রতিবন্ধী ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।


দৈনিক আশুলিয়া ডেস্ক