নিজস্ব প্রতিবেদক
দৈনিক আশুলিয়া
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ বিশাল জনবল নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মোট ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। তারা নিজ নিজ নির্বাচনী এলাকার সার্বিক তদারকি ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।
সারা দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
ভোটগ্রহণ পরিচালনার জন্য নিয়োজিত থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার। তাদের সহায়তায় থাকবেন ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার।
সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এসব কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ভোটের দিন তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিপুলসংখ্যক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

