সাঘাটায় জাতীয় পার্টিতে ভাঙন, ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে আতাউর রহমানের যোগদান
গাইবান্ধা প্রতিনিধি
দৈনিক আশুলিয়া
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা প্রায় ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঘুড়িদহ গ্রামে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে যোগ দেন। এ সময় তার সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
রাজনৈতিক মহলে আলোচিত আতাউর রহমান সরকার আতা একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মতো প্রভাবশালী নেতার দলত্যাগে সাঘাটায় জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে বরণ করে নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল এবং শিক্ষাবিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপি গণমানুষের দল। আগামীর রাজনৈতিক আন্দোলন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
যোগদান অনুষ্ঠানে নতুনভাবে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরাও দলীয় কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

