ঢাকাWednesday , 11 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ হবে: সিইসি

দৈনিক আশুলিয়া
February 11, 2026 1:03 pm
Link Copied!

স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
দৈনিক আশুলিয়া

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও ভোট গণনার কার্যক্রম পরিচালিত হবে এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তাদের পাঠানো ব্যালট পেপার দেশে পৌঁছেছে। তিনি জানান, নির্বাচনকে সর্বজনীন করতে লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে ভোটদানে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রায় ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পর্যবেক্ষকদের নিরপেক্ষ রিপোর্ট ও প্রতিবেদন নির্বাচনের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বলেও মন্তব্য করেন সিইসি।

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটগ্রহণ ও ভোট গণনার পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালনা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।