ঢাকাWednesday , 11 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোটার পরিবহনে প্রার্থীদের যানবাহন ব্যবহার নিষিদ্ধ

দৈনিক আশুলিয়া
February 11, 2026 11:12 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
দৈনিক আশুলিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো প্রার্থী, নির্বাচনি এজেন্ট বা তাদের সমর্থকরা যানবাহন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সংক্রান্ত একটি পরিপত্রে ইসির উপ-সচিব মনির হোসেন রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে এবং ভোটারদের প্রভাবিত করার মতো কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।

পরিপত্রে উল্লেখ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেন আচরণবিধি লঙ্ঘন না করেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যানবাহন ব্যবহার না করেন, তা নিশ্চিত করার দায়িত্ব রিটার্নিং অফিসারের। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা তার সমর্থকরা নির্বাচনি ক্যাম্প স্থাপন করতে পারবেন না। ভোট প্রচারের জন্য ব্যবহৃত পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বা অন্যান্য প্রচারসামগ্রী ভোটগ্রহণ শুরুর আগেই অপসারণ করতে হবে।

ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে ব্যালট বাক্স ব্যবস্থাপনাতেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। জেলা পর্যায়ে ইতোমধ্যে কেন্দ্রভিত্তিক ব্যালট বাক্স পাঠানো হয়েছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে ব্যালট বাক্স রাখা হবে এবং প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত একটি ব্যালট বাক্স সংরক্ষিত থাকবে। কোনো ভোটকক্ষে একাধিক ব্যালট বাক্স ব্যবহার করা যাবে না বলে পরিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।