দৈনিক আশুলিয়া ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে দেশের ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী ৬৩ জন এবং স্বতন্ত্র নারী প্রার্থী ২০ জন। অন্যদিকে পুরুষ প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৫৩ জন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ভোটার কেন্দ্রের চৌহদ্দিতে উপস্থিত থাকেন, তাহলে আইন অনুযায়ী তাদের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

