আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক আশুলিয়া
পবিত্র মাহে রমজান শুরুর লক্ষ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ বছরের রমজান মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, যা আরবি মাসের ২৯ শাবান।
সৌদি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের পর দেশজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান মাস এবং ওই দিন ভোর থেকে বিশ্বের মুসলমানরা সিয়াম সাধনা শুরু করবেন।
আর যদি ওই দিন চাঁদ দেখা না যায়, তাহলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং পরদিন বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে।
সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে থাকে দেশটির সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি। তাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশ রমজানের সময়সূচি নির্ধারণ করে থাকে।
ধারণা করা হচ্ছে, এ বছর সৌদি আরবে শীত মৌসুমে রমজান মাস পড়তে পারে। ফলে রোজার সময়সীমা তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন গড়ে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখতে হতে পারে।
রমজান শুরুর সম্ভাব্য এই সময়সূচির দিকে মুসলিম বিশ্ব বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে। পবিত্র এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা, ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।

