ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে শাহজালালে ৭৪ ফ্লাইট বাতিল ৫৪টি ফ্লাইট রিশিডিউল, ধাপে ধাপে যাত্রী পাঠানোর আশ্বাস

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির জেরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশগামী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫৪টি পুনর্নির্ধারণ (রিশিডিউল) করা হয়েছে। যাত্রীদের পর্যাপ্ত সময় দিয়ে ধাপে ধাপে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুই দিনে ব্যাপক ফ্লাইট বাতিল

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন এয়ারলাইনসের ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ছিল।

রোববার বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৪০-এ। এদিন জাজিরা এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া, কুয়েত এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইনস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক ফ্লাইটের শিডিউল বাতিল হয়।

এ ছাড়া সোমবার (২ মার্চ) আরও ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও গালফ এয়ারের ফ্লাইট রয়েছে।

পরিস্থিতি ধীরে স্বাভাবিকের পথে

রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলোর সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম আবার শুরু হয়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, সোমবারের মধ্যে স্থগিত ফ্লাইটের অধিকাংশ যাত্রীকে তাদের গন্তব্যে পাঠানো সম্ভব হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জাতীয় সর্বশেষ