দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাঁঠালদিয়া এলাকার জনৈক মাসুদ রানার বর্জিত তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণে বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

