দৈনিক আশুলিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃআল আমিন কাজী
ঢাকা: রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড ও ব্যানারে অভিনন্দন জানিয়ে নিজের ছবি সম্বলিত যেসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে অফিসে যাওয়ার পথে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে সংশ্লিষ্টদের ব্যানারটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে সঙ্গে সঙ্গে সেটি অপসারণ করা হয়।
আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ড ও এলইডি স্ক্রিনে বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি প্রধানমন্ত্রীর ছবি সংবলিত অভিনন্দন বার্তা প্রচার করছে। এ ধরনের প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগে বিজয় সরণী এলাকায় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবিসহ অভিনন্দন বার্তা প্রচার হতে দেখে প্রধানমন্ত্রী তখনই সেটি সরানোর নির্দেশ দিয়েছিলেন।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
সরকারি সূত্র বলছে, ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা নিরুৎসাহিত করে সুশাসন ও কাজের মাধ্যমে মূল্যায়নের সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন।

