ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম: নারায়ণগঞ্জে এসআইয়ের ছিনতাই হওয়া সরকারি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোমবার ভোরে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরে মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় নগরীর নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালিয়ে তাঁর কাছ থেকে সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান শুরু করে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

পরে সোমবার সন্ধ্যায় প্রথমে নগরীর দেওভোগ এলাকার মো. বিশাল (৩১) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১) কে আটক করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

—নিজস্ব প্রতিবেদক