নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত আব্দুল্লাহ শেখ (২০) মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হলো।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে আব্দুল্লাহ শেখ মারা যান।
নিহত আব্দুল্লাহ শেখ গোপালগঞ্জ জেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তার বন্ধু সাজিদুল মোল্লা (১৯)। তিনি গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদুল মোল্লা তার দুই বন্ধু আব্দুল্লাহ শেখ ও একই গ্রামের জাকির হোসেন মোল্লার ছেলে বাঁধন মোল্লাকে (২০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালাচ্ছিলেন।
পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই সাজিদুল মোল্লা নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আব্দুল্লাহ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
—নিজস্ব প্রতিবেদক

