ঢাকাSunday , 15 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রে আবেগ নয়, বরং সংবিধান ও আইনের পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো আবেগ দিয়ে পরিচালিত হয় না; রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান, আইন ও বিধিবিধানের মাধ্যমে।

রবিবার জাতীয় সংসদে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি কোনো অবৈধ বা আরোপিত নির্দেশনার মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই বাস্তবায়ন করতে হবে।

এর আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই সনদ’ কার্যকরের বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী এই জবাব দেন।

সংসদীয় রীতিনীতির প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা তুলতে হলে সংসদের কার্যপ্রণালী বিধির ৬২ বা ৬৮ ধারা অনুযায়ী নোটিশ দিতে হয়। বিরোধীদলীয় নেতা এমন কোনো নোটিশ দিয়েছেন কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

বিরোধীদলীয় নেতার পাঠ করা ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে সংবিধান সংশোধন বা পরিবর্তন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আনা যায় না।

তিনি আরও বলেন, গত বছরের ১৩ নভেম্বর জারি করা উক্ত আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন—যা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে একটি অস্বাভাবিক বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংসদই সর্বোচ্চ ফোরাম। তাই যেকোনো সাংবিধানিক সংস্কার বা জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করাই হবে সঠিক পথ।

—নিজস্ব প্রতিবেদক