ঢাকাSunday , 15 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করলেন সেনাবাহিনী প্রধান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রবিবার সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করেছেন। এ সময় তিনি সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্ষিপ্ত এ সফরের শুরুতে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে বা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য উন্নত চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটিতে প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে অবস্থিত আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জানা যায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব এলাকায় ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজটির নতুন স্থায়ী ক্যাম্পাস ৭.০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে।

বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সফলভাবে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্প্রসারিত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক