দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ঢা
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। শনিবার দিবাগত রাত একটার দিকে আদাবর থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় কারখানার মালিক ও শ্রমিকদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ এবং চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা রাতে আদাবর থানা ঘেরাও করেন। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, আদাবরের আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে শ্রমিকদের বেতন দেওয়ার সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ চাপাতি নিয়ে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল টাকা ও মোবাইল ছিনতাই করা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা অভিযুক্তদের মূল হোতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরুদ্ধ করেন। পরে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানায়, আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

