দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আন্তর্জাতিক ডেস্ক
ভিয়েনা: অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে করে গত শুক্রবার থেকে শুরু হওয়া ভারী তুষারপাতের পর দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শনিবার স্টিরিয়া প্রদেশে ২১ বছর বয়সী এক স্লোভাক নাগরিক তুষারধসে নিহত হন। তিনি স্কিইং করার সময় নির্ধারিত পথের বাইরে অবস্থান করছিলেন এবং তার কাছে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছিল না। এ সময় বরফের একটি বড় অংশ ভেঙে পড়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে টাইরোল অঞ্চলে ৪১ বছর বয়সী এক অস্ট্রিয়ান নাগরিক তুষারধসে চাপা পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
এর আগে গত শুক্রবার তীব্র তুষারঝড়ের কারণে টাইরোল অঞ্চলে চারজন এবং ভোরারলবার্গ অঞ্চলে একজন নিহত হন। এছাড়া একই দিন তুষারের ধাক্কায় সিঁড়ি থেকে পড়ে আরও একজনের মৃত্যু হয়।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি শীত মৌসুমে অস্ট্রিয়ায় তুষারধসে এখন পর্যন্ত ২৪ জন প্রাণ হারিয়েছেন। দেশটি শীতকালীন খেলাধুলার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ায় প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভিড় করেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে আল্পাইন অঞ্চলে প্রায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং অনেক এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ স্কিইয়ার ও পর্যটকদের নির্ধারিত পথের বাইরে না যাওয়ার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
— আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক আশুলিয়া

