ঢাকাSaturday , 28 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

‘আমাদের হারানো হয়নি, হারিয়ে দেওয়া হয়েছে’—ডা. শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ

দৈনিক আশুলিয়া
February 28, 2026 9:38 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

সিলেট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে দলের প্রত্যাশার প্রতিফলন হয়নি। পরিকল্পিতভাবে দলকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার। ১০-১২ হাজার ভোটের ব্যবধানে যাদের হারানো হয়েছে, তাদের ইচ্ছাকৃতভাবেই হারানো হয়েছে। কিছু স্পর্শকাতর জায়গায় পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যেখানেই যাচ্ছি, মানুষ বলছে—আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।”

তবে তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে জামায়াতে ইসলামীর ইতিহাসে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে। তিনি বলেন, “এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। প্রথমত, এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে। দ্বিতীয়ত, এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। তৃতীয়ত, এবার আমরা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। তাদের সম্মিলিত শক্তি কতটুকু, তা আমরা বুঝে গেছি।”

জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, ঢাকার বস্তিগুলোতে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলো কাজ করেনি। “টাকা, ওয়াদা কিংবা সন্ত্রাস—কোনো কিছুই মানুষের বিবেককে প্রভাবিত করতে পারেনি,” বলেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে জামায়াত আমির বলেন, “আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন। দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। একটি জায়গাও যেন খালি না থাকে—সে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।”

এদিকে শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে। দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অপরাধকে উসকে দিচ্ছে।”

রাষ্ট্রপতির অভিশংসন প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে এখনো বড় পরিসরে আলোচনা হয়নি। দেশের জন্য যা মঙ্গলজনক, আলোচনার মাধ্যমে সেটিই করা হবে।”

সিলেটে আয়োজিত এই শিক্ষাশিবিরে জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।