দৈনিক আশুলিয়া
তারিখ: রোববার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা
ডা. শফিকুর রহমান বলেছেন, গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা চান জাতীয় সংসদ হোক জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির কেন্দ্রবিন্দু, যেখানে সময়ের অপচয় বা ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে দেশের সমস্যার সমাধান নিয়ে কার্যকর আলোচনা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সংসদের একটি সেকেন্ডও নষ্ট হোক চাই না’
ডা. শফিকুর রহমান বলেন, “সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। আমরা চাই না জাতীয় সংসদের একটি সেকেন্ডও নষ্ট হোক। সংসদ কারো চরিত্র হননের জায়গা হোক, সেটাও চাই না। বরং এটি হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু।”
তিনি অতীতের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে বলেন, একসময় দেশে সরকার ও বিরোধী দল উভয়ই ছিল ‘আমি-ডামি’। এ ধরনের বিরোধী রাজনীতি কোনো দেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে না।
‘সংগত পদক্ষেপে সমর্থন, অসংগত হলে আপত্তি’
জামায়াত আমির বলেন, সরকারের সব সংগত ও কল্যাণমূলক পদক্ষেপে তাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। তবে সরকার যদি কোনো অসংগত সিদ্ধান্ত নেয়, তাহলে প্রথমে তারা গঠনমূলকভাবে দৃষ্টি আকর্ষণ করবেন। পরামর্শ গ্রহণ করা হলে জাতি উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন। আর পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের সাংবিধানিক ভূমিকা পালন করা হবে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি প্রধানমন্ত্রী
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কারি বেলাল হোসাইন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

