দৈনিক আশুলিয়া
তারিখ: রোববার, ১ মার্চ ২০২৬
ঢাকা
ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি ও উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ঐ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ উদ্বেগের কথা জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব। বৈঠকে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে আলোচনা করা হয়।
আকাশসীমা বন্ধে ভোগান্তি, সহায়তার উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনরত বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি ঘটলে গমনেচ্ছু ও বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। ইতোমধ্যে কয়েকটি দেশ এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানানো হয়।
দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
তেহরান মিশন ও শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার
মন্ত্রণালয় জানায়, তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংলাপের আহ্বান
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতা ও সাম্প্রতিক বিরোধ তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সরকার পুনর্ব্যক্ত করেছে যে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

