দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক বাহিনীর একটি কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী লা পাজের নিকটবর্তী এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, বলিভিয়ান বিমানবাহিনীর একটি সি-১৩০ হারকিউলিস পরিবহণ বিমান অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে পাশের একটি প্রধান সড়কে আছড়ে পড়ে। এতে সড়কে থাকা একটি ব্যক্তিগত গাড়ি ও কয়েকটি ট্রাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনের দৃশ্য দেখা গেছে।
জাতীয় ফায়ার সার্ভিসের কর্নেল পাভেল তোভার সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমানের ক্রু সদস্য ছাড়াও সড়কে থাকা সাধারণ পথচারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না তা খতিয়ে দেখছেন।
দুর্ঘটনার সময় বিমানটিতে বিপুল পরিমাণ ব্যাংক নোট (নগদ অর্থ) বহন করা হচ্ছিল বলে জানা গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর নগদ অর্থ রানওয়ে ও সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে টাকা সংগ্রহের হিড়িক পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং ছড়িয়ে পড়া অর্থ উদ্ধার করে নিরাপত্তা জোরদার করে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি, পাইলটের নিয়ন্ত্রণ হারানো বা আবহাওয়াজনিত কোনো কারণ দায়ী কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে অত্যন্ত উচ্চতায় অবস্থিত হওয়ায় সেখানে উড্ডয়ন ও অবতরণ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে বিবেচিত।

