দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ইউরোপের ক্লাব ফুটবলের আর্থিক চিত্র তুলে ধরে প্রকাশিত হয়েছে উয়েফার বার্ষিক ‘ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ ২০২৫’ প্রতিবেদন। সর্বশেষ এই সমীক্ষায় জার্সি বিক্রি ও বিপণন আয়ে সবার ওপরে উঠে এসেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের শীর্ষ ২৫টি ক্লাবের মধ্যে ২১টি ক্লাব ২০২৫ অর্থবছরে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বিপণন খাতে আগের বছরের তুলনায় বেশি আয় করেছে। এর মধ্যে ১৯টি ক্লাব গড়েছে সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড।
উয়েফার তথ্য বলছে, গত অর্থবছরে আয় বৃদ্ধির দিক থেকে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বার্সেলোনার। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক নাইকির সঙ্গে নবায়ন করা চুক্তির প্রথম পূর্ণ মৌসুম এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। যেখানে শীর্ষ ২৫ ক্লাবের গড় প্রযুক্তিগত সরবরাহকারী আয়ের প্রবৃদ্ধি ছিল প্রায় ৬ শতাংশ, সেখানে বার্সেলোনার প্রবৃদ্ধি ছিল তালিকার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য।
জার্সি বিক্রি ও বিপণন মিলিয়ে কাতালান ক্লাবটির আয় দাঁড়িয়েছে ২৭৭ মিলিয়ন ইউরো, যা তাদের ইউরোপের শীর্ষে বসিয়েছে। তুলনায় রিয়াল মাদ্রিদের আয় ২৩১ মিলিয়ন ইউরো এবং বায়ার্ন মিউনিখের আয় ১৮৯ মিলিয়ন ইউরো।
তালিকায় এরপর রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (১৭২ মিলিয়ন ইউরো), আর্সেনাল (১৫১ মিলিয়ন), লিভারপুল (১৪৮ মিলিয়ন), টটেনহ্যাম হটস্পার (১০২ মিলিয়ন), গালাতাসারাই (৯৯ মিলিয়ন), চেলসি (৯৫ মিলিয়ন), পিএসজি (৮৮ মিলিয়ন) এবং ম্যানচেস্টার সিটি (৮৮ মিলিয়ন)।
বিশ্লেষকদের মতে, লিওনেল মেসি-পরবর্তী সময়ে বার্সেলোনার বাণিজ্যিক শক্তি কিছুটা কমে গেলেও সাম্প্রতিক সময়ে তা আবার ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে ‘নম্বর টেন’ জার্সিধারী তরুণ তারকা লামিন ইয়ামালের উত্থান ভক্তদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ দলে ভিড়িয়েছে কিলিয়ান এমবাপের মতো বিশ্ব তারকাকে। তবু বার্সেলোনার নিজস্ব দর্শন, তরুণ একাডেমি-নির্ভর দল গড়া এবং ঐতিহ্য ধরে রাখার কৌশল বাজারে সমানভাবে সাড়া ফেলছে। উয়েফার এই প্রতিবেদন সেই বাস্তবতাকেই আরও একবার স্পষ্ট করে তুলেছে।

