ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

তেহরানে আবারও জেন জি বিক্ষোভ, উত্তেজনা বাড়ছে নিহতদের স্মরণ ও বিচার দাবিতে আন্দোলন, পাল্টা সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি

দৈনিক আশুলিয়া
February 23, 2026 10:58 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আন্তর্জাতিক ডেস্ক

তেহরান: যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে নতুন করে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। রবিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর ও জানুয়ারিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার প্রথম দফায় সমাবেশ শুরু হয়। এর ধারাবাহিকতায় রবিবারও আন্দোলন অব্যাহত থাকে।

সরকারবিরোধী তরুণদের বিক্ষোভের পাল্টা হিসেবে ক্ষমতাসীন সরকারের সমর্থকরাও মিছিল ও সমাবেশ করেছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়সহ অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়েছে। শরিফ বিশ্ববিদ্যালয় সরকারবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের সাবেক শাহ মুহম্মদ রেজা পাহালভির আমলের পতাকা হাতে নিয়ে মিছিল করতে এবং সরকারবিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে চাপে রয়েছে। দেশটির মুদ্রা ইরানি রিয়ালের মান ব্যাপকভাবে কমে গেছে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে অসন্তোষ থেকেই গত বছরের শেষ দিকে ব্যবসায়ী ও দোকানমালিকদের আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলার সময় নতুন করে বিক্ষোভ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

— আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক আশুলিয়া