দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা
— প্রতিবেদক, আল আমিন কাজী, দৈনিক আশুলিয়া
ঢাকা: প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আগামী ১০ মার্চ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে খাদ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনা হবে।
ঈদের আগেই উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, বিভিন্ন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১৪ জন সদস্য রয়েছেন। এ কমিটি কর্মসূচি বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব পালন করবে।
সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব হবে।
— প্রতিবেদক, আল আমিন কাজী, দৈনিক আশুলিয়া,

