দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | শিক্ষা ডেস্ক
প্রতিবেদক: আল আমিন কাজী
ঢাকা: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। এবার সারা দেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাবে। শিক্ষা বোর্ডভিত্তিক নির্ধারিত কোটার মাধ্যমে এ বৃত্তি বণ্টন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানিয়েছেন, আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে ভাতা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে ভাতা পাবে। এই সুবিধা টানা দুই বছর প্রদান করা হবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বর্তমানে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ করা সম্ভব হবে।
— প্রতিবেদক, আল আমিন কাজী, দৈনিক আশুলিয়া

