দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | অর্থনীতি ডেস্ক
প্রতিবেদক: আল আমিন কাজী
ঢাকা: চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনেই দেশে ২ হাজার ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৯৩০ মিলিয়ন মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৯১০ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৭ হাজার ৮৯২ মিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে কয়েক বিলিয়ন ডলারের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়েছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি এবং সরকারি প্রণোদনা অব্যাহত রাখার ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা তৈরি হয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
— প্রতিবেদক, আল আমিন কাজী, দৈনিক আশুলিয়া

