হেলাল শেখঃ ঢাকার সাভার উপজেলার নবীনগর-আরিচা সড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় ওভার ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে হকারদের দখলে থাকা ফুটপাত অবশেষে দখলমুক্ত করেছে যৌথ বাহিনী। জাতীয় দৈনিক চৌকস পত্রিকা, দৈনিক আশুলিয়া ও আইটিভি বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
সোমবার (২ মার্চ ২০২৬ ইং) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর ও আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ওভার ব্রিজের নিচের মহাসড়কের দুই পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। এতে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে এবং যানজট কিছুটা কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, ছয়তলা, নরসিংহপুরসহ পুরাতন আশুলিয়া পর্যন্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন সড়ক এখনো হকারদের দখলে রয়েছে। সড়কের দুই পাশে অস্থায়ী দোকান বসিয়ে বেচাকেনা চলায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসন এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। ফলে একদিকে যেমন পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, অন্যদিকে যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে দ্রুত সমন্বিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে পুরো আশুলিয়া অঞ্চলের সড়ক ও ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখা যায়।

