ঢাকাSunday , 15 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

দেশের মানুষ এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়: কৃষিমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে পরিবর্তনের একটি সুযোগ পেয়েছে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং এখন মানুষের প্রত্যাশা—দেশে আর অন্যায় দেখতে চায় না, তারা একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ দেখতে চায়।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় ‘বিবেক’ সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সব সময় একটি বিষয়েই জোর দেন—সততা। কারণ দেশের ১৮ কোটি মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, দেশ পরিচালনা কিংবা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে হলে দক্ষ প্রশাসন ও ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও কুমিল্লা এমন সৎ, মেধাবী ও মানবিক মানুষের জন্ম দেবে।

করোনাভাইরাস মহামারির সময় টিপু ও তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’-এর মানবিক ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, সেই কঠিন সময়ে যখন অনেকেই অসহায় হয়ে পড়েছিল এবং অনেক ক্ষেত্রে স্বজনরাও পাশে দাঁড়াতে পারেননি, তখন টিপু ও তার সংগঠনের সদস্যরা জীবনঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে তারা অসুস্থ মানুষের সেবা করেছেন, মৃত ব্যক্তিদের জানাজা ও দাফন-সৎকারে সহযোগিতা করেছেন এবং ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন। মানবতার এমন দৃষ্টান্ত সমাজের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

—নিজস্ব প্রতিবেদক