ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করলেন সেনাবাহিনী প্রধান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করেছেন। সফরকালে তিনি সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এ প্রতিষ্ঠানে প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা চালুর পরিকল্পনা রয়েছে।

পরে তিনি কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে অবস্থিত আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আইএসপিআর জানায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এরিয়া সদর দপ্তর, কুমিল্লা কর্তৃক প্রদত্ত ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লার একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেনাবাহিনী প্রধানের উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের নিকটবর্তী ৭ দশমিক ৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজটির স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বর্তমানে এ কলেজে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিস্তৃত করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার), জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (কুমিল্লা) এবং সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

—নিজস্ব প্রতিবেদক