ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত: চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক মাঠ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী কিশোরগঞ্জ:

দেশের বৃহত্তম ও ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান ১৯৯তম ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। লাখো মুসল্লির ঢল সামলাতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০১৬ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মাথায় রেখে এবার মাঠে নেওয়া হয়েছে নজিরবিহীন বাড়তি সতর্কতা। নিরাপত্তার স্বার্থে মাঠে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মুসল্লিরা কেবল জায়নামাজ, টুপি ও মোবাইল ফোন সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। ছাতাসহ অন্য যেকোনো বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (ঈদের আগের দিন) বেলা সাড়ে ১১টায় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল ইসলাম।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সাংবাদিকদের জানান, ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগত মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘মাঠে পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি প্রায় ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। মাঠ ও আশপাশের এলাকায় একাধিক চেকপোস্ট ও পিকেট বসানো হয়েছে। পুরো মাঠ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এর পাশাপাশি ছয়টি ওয়াচ টাওয়ার (চারটি পুলিশের, দুটি র‌্যাবের), চারটি ড্রোন ক্যামেরা এবং ছয়টি ভিডিও ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।’

এছাড়াও মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিট, সুইপিং টিম, কুইক রেসপন্স টিম, ফায়ার সার্ভিস এবং ছয়টি অ্যাম্বুলেন্সসহ একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নাঈমুল ইসলাম আশ্বস্ত করে বলেন, ‘বর্তমানে কোনো ধরনের সুনির্দিষ্ট হুমকি নেই। তবে আমাদের স্নাইপার, ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নজরদারি থাকবে। র‌্যাবের সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে মাঠে মোতায়েন থাকবেন।’

জানা গেছে, এবারের ১৯৯তম ঈদের জামাত শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, মাঠ প্রস্তুতকরণ, দাগ কাটা, রং করা এবং মুসল্লিদের অজু ও গোসলের ব্যবস্থাসহ সব ধরনের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও ঈদের দিন ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেন দুটি কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং ভৈরব-কিশোরগঞ্জ রুটে যাতায়াত করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।