ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে মোবাইল চুরির সন্দেহে ডেকে নিয়ে ৫ যুবককে ছুরিকাঘাত গণপিটুনির পর অভিযুক্ত পুলিশের হাতে, দুজনের অবস্থা আশঙ্কাজনক

দৈনিক আশুলিয়া
February 19, 2026 1:22 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে পাঁচ যুবককে ছুরিকাঘাতে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আহতরা হলেন নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরে নিরব মিয়াসহ ৫ থেকে ৭ জন যুবক আমিন মিয়ার কাছে মোবাইল ফোন ফেরত চেয়ে কথা বলতে যান। একপর্যায়ে আমিন মোবাইল ফোন দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যান।

খেলার মাঠে পৌঁছানোর পর কথাকাটাকাটির একপর্যায়ে আমিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে পাঁচজন গুরুতর জখম হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্ত আমিন মিয়াকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

— নারায়ণগঞ্জ প্রতিনিধি, দৈনিক আশুলিয়া