হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া এলাকায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৮ থেকে ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে করে সেখানে বসবাসরত ভাড়াটিয়া পোশাক শ্রমিকদের আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, আশুলিয়ার নিশ্চিন্তপুর আল মুসলিম পোশাক কারখানার সংলগ্ন মোঃ মহসিনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির মালিক মহসিন জানান, তিনি ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে এসে দেখেন আগুনে ঘরগুলো জ্বলছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট বা সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
ঘটনার পর ভুক্তভোগী শ্রমিকরা চরম দুর্দশায় পড়েছেন। অনেকেই জানিয়েছেন, তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

