ঢাকাWednesday , 18 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক আশুলিয়া
February 18, 2026 1:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | দৈনিক আশুলিয়া

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও ভাষণটি একযোগে প্রচার করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, নতুন সরকারের কর্মপরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রবেশের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস শুরু করেন। এ সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন। পরে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি সম্মান জানান।

সাভার থেকে ফিরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দুপুরের পর প্রধানমন্ত্রীর দপ্তরে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ারও সূচি রয়েছে তারেক রহমানের। এটি হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী কার্যক্রমের অংশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।