হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকায় আবারও দোকানপাট ও বাসাবাড়িতে সন্ত্রাসী হামলা এবং গুলিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামগড়া সরকারি প্রাইমারি স্কুলের পেছনে বকুল ভুঁইয়ার বাসার সামনে সংঘটিত এ হামলার দৃশ্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়। ফুটেজে হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) এলাকাবাসী জানায়, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই জামগড়া ও আশপাশের এলাকায় অপরিচিত অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলাগুলি করে এবং অস্ত্রের মহড়া দিয়ে আসছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বকুল ভুঁইয়া বর্তমানে রাজধানী মহানগরসহ ঢাকা জেলার দোহারে বিভিন্ন কাজে অবস্থান করছেন। তার ছেলে রনি ভুঁইয়া দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, কিশোর গ্যাং, মাদক সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের তৎপরতা চলমান রয়েছে।” এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

