হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া এলাকায় যেখানে-সেখানে পশু জবাই এবং গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬ইং) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার আশুলিয়া থানা অধীন জামগড়া চৌরাস্তা, ইউনিক, পুরাতন আশুলিয়া, নরসিংহপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশেই খোলা স্থানে পশু জবাই করা হচ্ছে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করছেন। এর আগে ভান্ডারী নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন মাংস বিক্রির অভিযোগে হাতেনাতে আটক করে পুলিশ। পরে জব্দ করা মাংস পুড়িয়ে মাটির নিচে পুঁতে ফেলা হয়। অভিযোগ রয়েছে, কোনো কোনো এলাকায় খাসির মাংস বলে কুকুর ও শেয়ালের মাংস বিক্রির ঘটনাও ঘটছে।
ভুক্তভোগী ও সচেতন মহল দ্রুত প্রশাসনিক তদারকি জোরদার, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অবৈধ জবাই বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

