দৈনিক আশুলিয়া
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি শহীদদের স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত সময় কাটান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি, চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের করণীয় এবং সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর এই কর্মসূচিগুলোকে নতুন প্রশাসনের কার্যক্রম শুরু করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

