ঢাকাWednesday , 18 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে জামায়াত আমির, রাষ্ট্র সংস্কারের আহ্বান

দৈনিক আশুলিয়া
February 18, 2026 11:38 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার ফজরের নামাজের পর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি দূর করা হবে। তিনি বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল দেশ গড়ে তুলতে চাই, যেখানে নাগরিকরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষা ও চেতনার প্রতিফলন ঘটেছে। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংসদে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এর আগে মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ শিরোনামে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই কর্মসূচির আওতায় বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, বাজার এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করা হয়। দলটির নেতারা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।