নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ। রবিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি দেশের বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে নীতি সুদের হার ধীরে ধীরে কমিয়ে আনা প্রয়োজন।
তাসকীন আহমেদ আরও প্রস্তাব করেন, প্রকৃত বা অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিল সুবিধা পুনর্বিবেচনা করা উচিত। পাশাপাশি ঋণ শ্রেণিকরণের সময়সীমা বাড়ানোরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মুদ্রানীতি, রাজস্বনীতি এবং কাঠামোগত সংস্কারের সমন্বিত প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে। এতে আর্থিক খাতের স্থিতিশীলতা জোরদার হবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত হবে।
ডিসিসিআই সভাপতির বক্তব্যের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো বেসরকারিখাত। তিনি জানান, বর্তমান সরকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মন্ত্রী আরও বলেন, পুঁজিবাজারকে আরও গতিশীল ও কার্যকর করতে এবং কেন্দ্রীয় ব্যাংককে বেসরকারিখাতমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি বেসরকারিখাতে ঋণপ্রবাহ সহজ করা এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঋণপ্রবাহ বৃদ্ধি করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
সাক্ষাৎকালে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

