নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরও চারটি জাহাজ দেশের বন্দরের পথে রয়েছে।
বুধবার এক ব্রিফিংয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে বন্দরের বহির্নোঙরে থাকা ছয়টি জাহাজ থেকে জ্বালানি খালাসের কাজ চলমান রয়েছে। এতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা মিলবে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, দেশের উদ্দেশে আসা জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি বুধবারই বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। অন্য দুটি জাহাজ যথাক্রমে ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় পৌঁছাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বহির্নোঙরে থাকা মাদার ভেসেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ আশা করছে, এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বাভাবিক থাকবে।
—নিজস্ব প্রতিবেদক

