ঢাকাWednesday , 11 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

রেশনিং ব্যবস্থায় জ্বালানি সরবরাহ বাড়াল বিপিসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রেশনিং পদ্ধতির আওতায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন বিভাগীয় শহরগুলোতে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বুধবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এর অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে গত রোববার থেকে সরকারি নির্দেশনায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলো।

এদিকে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই যানবাহনের জন্য অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতে পেট্রোল পাম্পে ভিড় করছেন। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বারবারই জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই।

—নিজস্ব প্রতিবেদক