নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কের তেলের পাম্পগুলো ঈদের আগে সাত দিন এবং ঈদের পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার রাজধানীর সড়কে যান চলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “পাবলিক পরিবহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আশা করছি আগামীকাল থেকেই তা কার্যকর হবে। তেলের সংকটের অজুহাতে কেউ যাতে অগ্রিম টিকিট বাতিল বা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
শেখ রবিউল আলম বলেন, তেলের সংকটের কথা বলে কিছু পরিবহন মালিক অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করেছিল, তবে সরকার তা হতে দেয়নি এবং অগ্রিম টিকিট বহাল রাখা হয়েছে।
মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন সড়ক মেরামত ও সংস্কার করা হয়েছে এবং যেখানে নির্মাণকাজ চলছিল সেসব স্থানের নির্মাণ সামগ্রী সরিয়ে অন্তত একটি লেন চলাচলের জন্য সচল রাখা হয়েছে।
তিনি বলেন, মহাসড়কে যানজটের সম্ভাবনা রয়েছে এমন ২৬০টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ, বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো ঈদযাত্রায় যাত্রীরা যেন স্বস্তিতে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।
তিনি জানান, রেলপথেও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনের সক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।
পর্যায়ক্রমে পাম্পে তেলের রেশনিং থাকবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সুখবর পাওয়া যেতে পারে।
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন সেতুমন্ত্রী।
—নিজস্ব প্রতিবেদক

