হেলাল শেখ: ঢাকার আশুলিয়া এলাকার জামগড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ১১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সরলা ক্লাব। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরলা ক্লাবের সভাপতি ও ঢাকা জেলার আটবারের শ্রেষ্ঠ করদাতা আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়ার সৌজন্যে এবং সরলা ক্লাবের ব্যবস্থাপনায় এই উপহার বিতরণ করা হয়।
রবিবার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন সরলা ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসাইন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হালিম মৃধাসহ ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, “সামর্থ্যবানদের সম্পদে দরিদ্র মানুষের অধিকার রয়েছে। ঢাকা জেলার আটবারের শ্রেষ্ঠ করদাতা হিসেবে আমি যেমন রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করি, তেমনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও আমার নৈতিক দায়িত্ব। ১১০০ পরিবারের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিতরণকৃত প্রতিটি উপহার প্যাকেজে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, ভোজ্য তেল, গুঁড়া দুধ ও বিশেষ ঈদ উপহার।
সরলা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সুশৃঙ্খলভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত হকদারদের হাতে এসব উপহার পৌঁছে দেওয়া হয়েছে। ক্লাবের সদস্যরা দিনব্যাপী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

