দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
ঢাকা: চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
রোববার মার্চ মাসব্যাপী আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
এ ছাড়া মার্চ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোতে এ মাসে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, বিশেষ করে তাপপ্রবাহ ও কালবৈশাখীর সময়।

