হেলাল শেখঃ গত (০৩/০৩/২০২৬ইং) তারিখ এই ভাবেই আবেদনটি করা হয়। বরাবর,জনাব তারেক রহমান,
মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।
বিষয়: রাজনৈতিক কোন্দলের কারণে হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি এবং ন্যায়বিচার প্রাপ্তির আবেদন।
মাননীয় প্রধানমন্ত্রী, বিনীত নিবেদন এই যে, আমি বকুল ভুঁইয়া, একজন আজীবন দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী আদর্শের কর্মী। আমি ইতিপূর্বে মুক্তিযুদ্ধাপ্রজন্ম দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাঁতী দলের আশুলিয়া থানা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছি।
আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে অবগত করছি যে, স্থানীয় পর্যায়ের চরম রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে বর্তমানে আমি এবং আমার পরিবার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করছি। স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলা ও হামলার ভয়ে আমি দীর্ঘ সময় ধরে এলাকাছাড়া এবং পালিয়ে বেড়াচ্ছি। আমার রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও দলীয় কোন্দলের কারণে আজ আমি নিজ এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছি।
আরও কষ্টের বিষয় এই যে, আমার বড় ছেলে রনি ভুঁইয়া-কেও গভীর ষড়যন্ত্রের জালে আবদ্ধ করা হয়েছে। আশুলিয়া থানায় ছাত্র পুড়িয়ে মারার একটি মামলায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, তাকে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে এবং যথাযথ তথ্য-প্রমাণ ছাড়াই তাকে এই চরম দণ্ড দেওয়া হয়েছে। সে বর্তমানে প্রাণের ভয়ে আত্মগোপনে রয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী,আপনি এদেশের অভিভাবক এবং ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল। একজন অসহায় নাগরিক হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন।
১.আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার নির্দেশ প্রদান করা হোক।
২. স্থানীয় রাজনৈতিক কোন্দলের অবসান ঘটিয়ে আমাকে সসম্মানে এলাকায় বসবাসের পরিবেশ তৈরি করে দেওয়া হোক। ৩. আমার ছেলে রনি ভুঁইয়ার মামলার বিষয়টি পুনরায় আইনগতভাবে পর্যালোচনা করে তাকে ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা কোনো অন্যায় বা অপরাধের সাথে জড়িত নই, কেবল ষড়যন্ত্রের শিকার। আপনার সদয় হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তই পারে আমাদের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিতে এবং সত্য উন্মোচিত করতে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বিনীত নিবেদক, বকুল ভুঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধাপ্রজন্ম দল ও সহ-সভাপতি, তাঁতী দল, আশুলিয়া থানা। বর্তমান ঠিকানা জামগড়া প্রাইমারী স্কুল রোড ভুইঁয়াপাড়া, আশুলিয়া, ঢাকা।

